ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মির্জাপুরে পুকুরে উল্টে গেল সারবোঝাই ট্রাক, নষ্ট ৩০০ বস্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
টাঙ্গাইল প্রতিনিধি:

দেশজুড়ে সার সরবরাহ ও সংকট নিয়ে আলোচনার মধ্যেই টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনায় পানিতে ডুবে নষ্ট হয়েছে ৩০০ বস্তা সার। সড়কের পাশের পুকুরে সারবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ডিলার। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল থেকে ৩০০ বস্তা সার নিয়ে ভাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রাকটি। শুক্রবার সকালে ভাওড়া খানপাড়া এলাকায় পৌঁছানোর পর সড়কের একটি ঢালু অংশে ট্রাকের চাকা আটকে যায়। এ সময় রাস্তার পাশের মাটি ধসে পড়লে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা সব সার পানিতে ডুবে যায়।

ভাওড়া ইউনিয়নের সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আমজাদ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন জানান, দুর্ঘটনায় ৩০০ বস্তা সার সম্পূর্ণ নষ্ট হয়েছে। সরকারি নির্ধারিত বাজারমূল্য অনুযায়ী এসব সারের দাম প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা। সারগুলো ইউনিয়নের তিনজন সাব-ডিলারের কাছে সরবরাহ করার কথা ছিল।

আমজাদ হোসেন বলেন, সরকারি বরাদ্দের সার দুর্ঘটনায় নষ্ট হওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একজন বৈধ ডিলার হিসেবে এ ক্ষতি বহন করা তাঁর জন্য কঠিন। তাই ক্ষতিগ্রস্ত সারের মূল্য মওকুফ অথবা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ডিলার সরকারি আর্থিক সহায়তা পাবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট ইউনিয়নে সারের সংকট দেখা দিলে কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারের পর ট্রাকটি থানা হেফাজতে রাখা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।